কমলাপুরে নার্সারি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকায় একটি নার্সারির ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রেল মসজিদের পাশে ওই নার্সারিতে একটি গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“নার্সারির একটি বড় অংশজুড়ে পেয়ারা বাগান রয়েছে। সেখানে একটি গাছে গলায় গামছা প্যাঁচানো লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”
নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল বলে জানান ওসি।
তিনি বলেন, “প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। তার নাম-পরিচয় কেউ জানাতে পারছেন না। তবে তাকে স্টেশন এলাকায় প্রায়ই ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা”।
লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
