ইহসানুল করিমকে সচিব পদমর্যাদা
প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ইহসানুল করিমকে সচিব পদমর্যাদা ও এই পদের বেতনক্রম দিয়েছে সরকার।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম গত ১৫ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে এক বছরের চুক্তিতে নিয়োগ পান।
ওই নিয়োগ আদেশটি বুধবার আংশিক সংশোধন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
চুক্তিতে নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফায়েকুজ্জামান চৌধুরীকে অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে এক বছরের চুক্তিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এম ফরিদ উদ্দিনের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১১ সালের ১৯ জুন ওইপদে চুক্তিতে নিয়োগ পান ফরিদ। এরপর ২০১৩ সালের ২৮ মে তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার।
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের ফটোমাইক্রোগ্রাফার আব্দুল মালেক বাবুল পিআরএল বাতিলের শর্তে দুই বছরের জন্য একই প্রতিষ্ঠানে আগের পদেই দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
এছাড়া রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাহেদুজ্জামানকে প্রেষণে স্ববেতনে বাংলা ভাষা বাস্তবায়ন কোষের বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
