২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জমির বিরোধে ‘ভাইয়ের ছেলেমেয়েদের হাতে’ খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের ছেলেমেয়েরা ধারালো অস্ত্রে এক ব্যক্তিকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 12:42 PM

নিহত রহমত উল্লাহ (৪৫) উপজেলার মদনা গ্রামের মৃত রইচউদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মদনা গ্রামের এ ঘটনায় রহমতউল্লাহ স্ত্রী আমেনা গুরুতর জখম হয়েছেন।

আহত আমেনা খাতুনকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহমত দুই শতক জমি নিয়ে বিরোধের জের ধরে দেড় বছর আগে তার ভাই আবুল কাশেমকে খুন করেন বলে অভিযোগ রয়েছে। ওই খুনের মামলায় কারাগারে যাওয়ার পর তিন মাস আগে আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন তিনি।

প্রতিবেশী শহিদা খাতুনসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জমি নিয়ে কাশেমের ছেলে আইনাল হক (২৮), ফরজ আলী (২২) ও মেয়ে পারুলা খাতুনের (২৫) সঙ্গে রহমতের আবারও ঝগড়া শুরু হয়।

এক পর্যায়ে মৃত কাশেমের ছেলেমেয়েরা তাকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করে। এ সময় রহমতের স্ত্রী আমেনাও গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

আমেনা আশঙ্কামুক্ত নন জানিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রজিবুল ইসলাম জানান, তার মাথা ও শরীরে গুরুতর জখম রয়েছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি।

ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।