২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনির মামলা ‘ওয়েল ডিটেকটেড’: পুলিশ

ঢাকায় জোড়াখুনে গ্রেপ্তার সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে যে সব তথ্য-প্রমাণ মিলেছে তাতে আদালতে মামলা প্রমাণ করতে ‘কোনো অসুবিধা’ হবে না বলে মনে করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 12:42 PM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, “বস্তুগত তথ্য ও পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে, বখতিয়ার আলম রনির পিস্তল থেকে ছোড়া গুলিতেই নিউ ইস্কাটনে দুজন মারা গেছেন।” 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন মনিরুল।

তিনি বলেন, “রনি আমাদের কাছে গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করলেও ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিতে রাজি হয়নি।”

গত ৩১ মে গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ড শেষে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ পিনু খানের ছেলে রনিকে মঙ্গলবার আবার দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

তার সঙ্গে গ্রেপ্তারের পর রনির গাড়িচালক ইমরান ফকির এবং ঘটনার সময় সাংসদপুত্রের সঙ্গে গাড়িতে থাকা তার দুই বন্ধু ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন।

তবে রনি এখনও দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

“রনি চার দফায় ১৪ দিনের রিমান্ডে এসেছে। রনি যদি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চায় সেক্ষেত্রে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে,” বলেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।

তিনি বলেন, “সকল মামলায় ১৬৪ হয় না। মামলাটি ‘ওয়েল ডিটেকটেড’। আদালতে মামলাটি প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। কারণ ব্যালাস্টিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিসহ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে।” 

Image
সাংসদ পিনু খান ও তার ছেলে রনি

সাংসদ পিনু খান ও তার ছেলে রনি

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু এটা রনির পিস্তল এবং সেটি অন্য কারও কাছে ছিল না। ওই দিন সে ফাঁকা গুলি ছুড়েছে বলে স্বীকার করেছে। তবে আমাদের তদন্তে প্রমাণ হয়েছে, রনির ছোড়া গুলিতেই ইস্কাটনে দুজন মারা গেছেন।”

গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

পরে তদন্তে প্রাডো গাড়ি থেকে সাংসদপুত্র রনির গুলিবর্ষণের বিষয়টি বেরিয়ে আসে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

গভীর রাতে ‘নেশাগ্রস্ত’ অবস্থায় সামান্য যানজটে আটকে বখতিয়ার আলম রনি গুলি ছুড়েছিলেন বলে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন।

পুরনো খবর:

সাংসদপুত্র রনি ফের ২ দিনের রিমান্ডে
সাংসদপুত্র রনির অস্ত্রের লাইসেন্সের ফাইল হাওয়া
‘সামান্য যানজটে পড়েই গুলি চালান সাংসদপুত্র রনি’