২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে দিনভর তল্লাশিতেও খোঁজ মেলেনি পাইলট তাহমিদের

বঙ্গোপসাগরে দিনভর অভিযানেও বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের কোনো সন্ধান মেলেনি, পাওয়া যায়নি উড়োজাহাজটির কোনো অংশও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

সাগর উত্তাল বলে তল্লাশি চালাতে বেগ পেতে হচ্ছে জানিয়ে কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বলেন, কিছু না পেয়ে তারা খানিকটা হতাশ। 

তল্লাশি অভিযানের প্রায় ৩২ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সাগর খুব উত্তাল ছিল। আমরা সারাদিন খুঁজেও সারফেসে (উপরিতলে) বিমানের কোনো অংশ বা পাইলটের কোনো হদিস পাইনি।

“কিছুটা হতাশ হয়ে পড়েছি। পাইলটকে খুঁজে পাওয়ার কোনো লক্ষণ পাইনি। এটা মোটামুটি নিশ্চিত যে সারফেসে আর কিছু নেই। বিমানটি সমুদ্রের তলদেশে মাটিতে গেঁথে গিয়ে থাকতে পারে।”

উদ্ধার অভিযান সংশ্লিষ্টরা বলছেন, বিমানটি সাগরের তলদেশের মাটিতে গেঁথে গেলে একমাত্র আশা ‘সাইড স্ক্যান সোনার’ যদি কোনো সন্ধান দিতে পারে।

সোমবারের মত মঙ্গলবারও নৌবাহিনীর তিন জাহাজ অতন্দ্র, মধুমতী ও সুরভী উদ্ধার কাজে অংশ নেয়। সঙ্গে ছিল কোস্টগার্ডের জাহাজ তৌফিক ও তিনটি মেটাল শার্ক বোট এবং বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার।

কোস্টগার্ড কর্মকর্তা দুরুল হুদা বলেন, এখন একমাত্র আশা নৌবাহিনীর জাহাজ সুরভী। জাহাজটি ‘সাইড স্ক্যান সোনার’ দিয়ে পানির নিচে তল্লাশি চালাচ্ছে।

প্রশিক্ষণ চলাকালে সোমবার বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমানটি, সেইসঙ্গে নিখোঁজ হন এর চালক ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মন তাহমিদ চৌধুরী।

তার বাবা-মাসহ পরিবারের সব সদস্য মঙ্গলবার তার খোঁজ পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে।

সোমবার সকালে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা ১০ মিনিটে তাহমিদের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Image
বিধ্বস্ত বিমান উদ্ধারে সাগরে কোস্টগার্ডের জাহাজ।

বিধ্বস্ত বিমান উদ্ধারে সাগরে কোস্টগার্ডের জাহাজ।

এর আধ ঘণ্টা পর বিমান বাহিনী কর্তৃপক্ষ নিশ্চিত হয়, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ছয় মাইল পশ্চিমে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সোমবার কোস্টগার্ড বিমানের দুটি খণ্ডাংশ উদ্ধার করে। 

ঘটনাস্থলের কাছেই বহির্নোঙ্গরের ব্রাভো অ্যাঙ্করেজে অবস্থানরত এমভি আলেকজান্ডার জাহাজ থেকে দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করেন ওই জাহাজের ওয়াচম্যান মো. বাবুল হাওলাদার। তার দেখানো স্থান ঘিরেই সোম ও মঙ্গলবার তল্লাশি চলে।

বাবুল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল ১১টা ২০মিনিটে বিমানটি পানিতে পড়ার পর দুটি হাত কিছুক্ষণ দেখেছিলাম।”

বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির এক শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তল্লাশি অভিযান চলবে।

“সোমবার যতক্ষণ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে তাহমিদের যোগাযোগ ছিল ততক্ষণ কোনো সমস্যার কথা বলেনি। বিমানটি ছিল যুদ্ধ বিমান। সাধারণত এ ধরণের বিমানে দুই জন থাকে। তবে সোমবার সে সলো (একক) ফ্লাই করেছিল।”

‘ঈদে বাড়ি ফিরব’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার আবদুল কাদের চৌধুরীর বড় ছেলে রুম্মন তাহমিদ চৌধুরী ২০১০ সালের ডিসেম্বরে বিমান বাহিনীতে যোগ দেন।

Image
ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মন তাহমিদ চৌধুরী (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মন তাহমিদ চৌধুরী (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

তিন ভাই-এক বোনের মধ্যে সবার বড় তাহমিদ নিয়মিত ভাইবোনদের লেখাপড়ার খোঁজ নিতেন। ঈদে তার বাড়ি ফেরার কথা ছিল বলে স্বনরা জানিয়েছেন।

বাড়ি চট্টগ্রাম হলেও তাহমিদের পরিবার থাকে ঢাকায়।

তাহমিদের চাচা আনোয়ারুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই-বোনদের লেখাপড়ার নিয়মিত খোঁজ রাখত তাহমিদ। সবাইকে খুব আদর করত।

“রোববার ফোনে তার মার সঙ্গে কথা বলে তাহমিদ। বলেছিল- ঈদের ছুটিতেই ঢাকায় যাবে।”

তাহমিদের ছোট ভাই তামজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশায় আছি হয়ত কিছু জানা যাবে।

“সবাই জহুরুল হক ঘাঁটিতে অপেক্ষায় আছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন ভাইয়াকে ফিরে পাই।”

পুরনো খবর:

বিধ্বস্ত বিমানের খণ্ডাংশ উদ্ধার, সন্ধান নেই পাইলটের