কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে চালক নিহত এবং আরও অন্তত ছয় আরোহী আহত হয়েছেন।
নিহত রুবেল হোসেন (২৯) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার আলামপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সদর উপজেলার হরি-নারায়ণপুর গ্রামের রবিউল (৪০) ও শহিদুল ইসলাম (৪২) এবং পূর্ব মজমপুরের আলম হোসেনের (৩৬) নাম জানা গেছে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি খালেক জানান, রুবেল নসিমনে আরোহী নিয়ে আলামপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে ঘটনাস্থলেই রুবেল মারা যান ও আরোহীরা আহত হন।
খবর পেয়ে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
