আন্তর্জাতিক জ্ঞানমেলা আয়োজন করবে বাংলাদেশ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা বিষয়ক তথ্য বিনিময়ে ‘আন্তর্জাতিক জ্ঞান মেলার’ আয়োজন করবে বাংলাদেশ।
আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
রোববার সচিবালয়ে ‘আন্তর্জাতিক জ্ঞান মেলা’ আয়োজন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় মেলা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
সভা শেষে সচিব বলেন, মেলায় বিদেশী বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হবে, যাতে উন্নত দেশের শিক্ষা, টেকনোলজি, শিক্ষা বিষয়ক টুলস সম্পর্কে আমাদের দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো জানতে পারে।
শিক্ষায় ব্যবহৃত বিভিন্ন ‘টুলস’ও মেলায় উপস্থাপন করার চিন্তা রয়েছে বলেও জানান নজরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এম এ মান্নান বলেন, কমিশনের অধীনে ১২০টি বিশ্ববিদ্যালয়ে ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে। মেলা আয়োজনে তারা সব ধরনের সহায়তা দেবেন।
পরের সভায় মেলার দিনক্ষণ চূড়ান্ত করা হবে জানান শিক্ষা সচিব।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
