বাল্কহেডের ধাক্কায় তলা ফাটল, চরে ভিড়ল লঞ্চ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি লঞ্চের তলা ফাটার পর আতঙ্কে নদীতে লাফ দিয়ে তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কালীপুরার কাছে মেঘনা নদীতে এ ঘটনার সময় বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী আল্লাহর মর্জি নামের ওই লঞ্চে তিন শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন গজারিয়ার নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিস।
তিনি বলেন, বাল্কহেডের ধাক্কায় লঞ্চের সমানের অংশের তলা ফেটে পানি ওঠে। সারেং দ্রুত লঞ্চটি কালীপুরার চরে ভিড়িয়ে দেন। এ সময় কয়েকজন যাত্রী আতঙ্কে নদীতে লাফিয়ে পড়েন। তারা কালীপুরার চরে সাঁতরে ওঠেন।
এদের মধ্যে তিন যাত্রী সামান্য আহত হয়েছে জানিয়ে ইউএনও আরো বলেন, আতঙ্কে নদীতে লাফিয়ে পড়াদের মধ্যে কেউ নিখোঁজ নেই। সকলেই নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
ঘটনাস্থল থেকে গজারিয়া থানার এসআই দোহা জানান, লঞ্চের যাত্রীদের মধ্যে ৬০/৭০ জন ট্রলারে করে গন্তব্যে রওনা দেন। বাকিদের ঢাকা থেকে একই কোম্পানির আরেকটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে।
