২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনদুর্ভোগ: আধঘণ্টায় ‘কোমরপানি’ মিরপুরে

রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা বলে পরিচিত মিরপুর। অসংখ্য গার্মেন্টস গড়ে ওঠায় গত এক দশকে এই এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যা, সেই সঙ্গে দুর্ভোগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

দেখার ‘কেউ’ থাকলেও দেখছেন কি না তা নিয়েই প্রশ্ন বাসিন্দাদের।   

মিনিট দশেকের বৃষ্টিতে প্রধান সড়ক ছাড়াও বিস্তীর্ণ এলাকায় হাঁটুপানির চিত্রের দেখা মেলে নিত্যই। বর্ষায় তাই ভোগান্তির শেষ নেই।

কিছুদিন আগেও মিরপুরের পূরবী থেকে কালশি সড়কটি ছিল এবড়ো-থেবড়ো। গাড়ি চলা তো দূরে থাক এই পথ ধরে হেঁটে যাওয়াই ছিল বেশ দুরূহ।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় বছর খানেকের সংস্কার কাজের পর মাস তিনেক আগে সড়কটি প্রশস্ত হয়। পাশাপাশি দুই পাশে নির্মাণ করা হয় ফুটপাত ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। যদিও এরই মধ্যে ফুটপাত ‘পেটে’ ঢুকে গেছে বিভিন্ন দোকানের।

গ্রীষ্মে যে সড়কে প্রাণ ফিরে এসেছিল, বর্ষায় সেই সড়কের ‘কারণে’ বৃহস্পতিবার দেখা গেল পুরো এলাকা ‘হাবুডুবু’ খাচ্ছে অথৈ পানিতে।

সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, মাত্র আধঘণ্টার বৃষ্টিতে সাংবাদিক আবাসিক এলাকা, কালশি থেকে মিরপুর ১১ এর বিহারি ক্যাম্প এলাকা এবং পূরবী-কালশি সড়ক ডুবে আছে কোমর সমান পানিতে। সেই পানি ভেঙেই হেঁটে আসছেন অফিস ফেরৎ মানুষজন।

পাশেই স্ট্যান্ডার্ড গ্রুপের ‘বাইশতলা’ খ্যাত গার্মেন্ট। আনুমানিক ১০ হাজার শ্রমিক কাজ করেন এই কারখানায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প বৃষ্টিতেই এখানে নিয়মিত পানি জমে যায়। তবে কিছুদিন আগে ‘নতুন রাস্তা’ করার পর জলাবদ্ধতার এই দুর্ভোগ খানিকটা বেড়েছে।

সাংবাদিক আবাসিক এলাকার বাসিন্দা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য চাকরিতে ঢোকা সৈয়দ সাব্বির আখতার শুভর সঙ্গে কথা হয় হাঁটু পানিতে দাঁড়িয়েই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি গত ছয় বছর ধরে এই এলাকায় থাকছি। জলাবদ্ধতা এখানকার একটি অন্যতম সমস্যা হলেও এবছর মনে হচ্ছে একটু বেশিই। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে কোমর সমান পানি আগে কখনও দেখিনি।”

তিনি জানান, কালশির সাংবাদিক আবাসিক এলাকার সামনের অংশে কোমর পানি হলে বুঝতে হবে পেছনের অংশে ‘বুকসমান’ পানি হয়েছে।

এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে শুভ বলেন, “মুরব্বিরা এই দুর্ভোগ নিয়ে বিভিন্ন সময় স্থানীয় কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি।দেখার কেউ আছেন বলে তো মনে হয় না।”

গার্মেন্টকর্মী তাজরিন সুলতানা বলেন, দুপুরের পর বৃষ্টি হলেই তারা ভয়ে থাকেন। কারণ পানি ভেঙে ঘরে ফিরতে হবে। যাওয়ার সময়ই একই ভয় কাজ করে।  

“আইজকা তো অনেকক্ষণ অপেক্ষা কইরা কারখানা থাইক্যা বের হইছি। তাও এই অবস্থা দেহেন। ড্রেনের পানি আর বৃষ্টি পানি মিল্যা পানির রঙ কি হইছে দেখতেই পারতাছেন। সাবান দিয়া ধুইলেও শরীর চুলকায়।”

একটি আইটি ফার্মের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন বলেন, জলাবদ্ধতাই মিরপুর ১১ ও পল্লবী এক্সটেনশন এবং কালশি এলাকার মূল সমস্যা।

পরিকল্পনার অভাবের কারণেই এমনটি ঘটছে বলে মনে করেন তিনি।