২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রফ্রন্টের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালুর প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা এবং ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 06:50 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সামনে এ ঘটনায় চার কর্মী আহত হয়েছেন বলে ছাত্রফ্রন্ট নেতাদের দাবি।

তারা বলছেন, আগের ঘোষণা অনুযায়ী অর্থনীতি বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ভর্তি পরীক্ষার আগে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রলীগের হামলায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সামনে ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর হামলা চালায়।”

এতে ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক প্রসেঞ্জিত সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃঞ্চ বর্মণ, স্কুল বিষয়ক সম্পাদক সৌমিত ভৌমিক ও অনিমেষ রায় আহত হন বলে জানান তিনি।

মাসুদ রানা অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মুহাম্মদ ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।”

হামলার প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল এবং হামলাকারীদের শাস্তি ও ভারপ্রাপ্ত প্রক্টরের অপসারণ দাবি করেন।

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালুর প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অবস্থান কর্মসূচিতে পুলিশের সামনেই ছাত্রলীগের বাধা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালুর প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অবস্থান কর্মসূচিতে পুলিশের সামনেই ছাত্রলীগের বাধা

কর্মসূচিতে বাধার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থনীতি বিভাগে একটি পরীক্ষা হওয়ার কথা ছিল, আর ছাত্রফ্রন্টের কর্মীরা সে পরীক্ষা ‘বাতিল করতে চেয়েছিল’।

“পরীক্ষায় যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা তাদের সরে যেতে বলেছিলাম। তবে আমরা কাউকে সরিয়ে দেইনি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে এ বিষয়ে কথা বলেছে।”

হামলার অভিযোগ অস্বীকার করে অর্থনীতি বিভাগ ছাত্রলীগের সভাপতি সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইজন শিক্ষক পরীক্ষার হলে ঢুকতে চাইলে ছাত্রফ্রন্টের নেতারা তাদের বাধা দেয়, ধাক্কাধাক্কি করে। তখন আমরা তাদের ঢুকতে দিতে অনুরোধ করি। এটুকুই ঘটনা।”

এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় অর্থনীতি বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ভর্তি পরীক্ষা আধা ঘণ্টা পিছিয়ে সাড়ে ১০টায় শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালু রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়ায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এর প্রতিবাদ করে আসছিল।