ফরিদপুর মেডিকেলে যুবকের ক্ষত-বিক্ষত লাশ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কম্পাউন্ডের ভেতর এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে, যাকে কেউ ফেলে গেছে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. আমিনুজ্জামান জানান, শুক্রবার ভোরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মচারী ও রোগীর আত্মীয় স্বজনরা ওই যুবককে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে।
এরপর উদ্ধার করা হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপ্রতি বিশ্বাস শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলেটির মাথা থেতলে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
পুলিশ কর্মকর্তা আমিনুজ্জামান বলেন, রাতের কোনো সময় ওই যুবককে কেউ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যার কারণ এবং নিহত যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
