২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মদ ও ফেনসিডিলসহ আটকের পর মাদক বিক্রেতা এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (২৮) উপজেলার জয়নগর গ্রামের ওসমান শেখের ছেলে।

শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় ইউএনও ফরিদুর রহমান তাকে এ দণ্ড দেন।

এর আগে সকাল ৯টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে ১৫ বোতল মদ ও পাঁচ বোতল ফেনসিডিলসহ সাদ্দামকে আটক করে দর্শনা বিজিবি ক্যাম্পের একটি দল।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে মাদকদ্রব্যসহ আটক করে।

ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের পর সাদ্দামকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।