ভারি বর্ষণ: কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু
টানা বৃষ্টিতে কক্সবাজার শহরে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশু নিহত ও একই পরিবারের চারজন আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার দিকে শহরের ঘোনার পাড়ায় এ ঘটনা ঘটে বলে কক্সবাজার ফায়ার সার্ভিসের পরিদর্শক আবদুল মজিদ জানান।
নিহত মোহাম্মদ নুরুল আফসার (৩) ওই এলাকার নূরুল মোস্তফার ছেলে।
এ ঘটনায় পাশের বাড়ির জয়নাব বেগম (১৭), মোহাম্মদ শাকের (২৬), আবদুল মান্নান (১০) ও উম্মে জামিলা (৯) নামে চারজন আহত হয়েছেন।
এই চারজন একই পরিবারের সদস্য। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, কয়েক দিনের ভারি বর্ষণে ঘোনার পাড়া পাহাড়ের মাটি নরম হয়ে নিচে থাকা আধাপাকা কয়েকটি ঘরের ওপর ধসে পড়ে।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
আধা ঘণ্টা চেষ্টার পর মাটি সরিয়ে শিশু আফসারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবানের রামুতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে রামু-মরিচ্যা-আরকান সড়ক
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রামুর পানিবন্দি লোকজন স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে
এর আগে ২৩ জুন জেলায় ৯৯ মিলিমিটার, ২৪ জুন ৪৬৭ মিলিমিটার, ২৫ জুন ২১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস।
ভারি বর্ষণে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা ও চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন, পেকুয়ার সাতটি ইউনিয়ন, রামুর ছয়টি ইউনিয়ন, কক্সবাজার সদরের ঈদগাঁও, ঝিলংঝা, পুকখালি, জালালাবাদ এবং রামুর দক্ষিণ মিঠাছড়ি অনেক নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে।
