চুয়াডাঙ্গায় ‘অপহৃত’ কিশোরী মাগুরা থেকে উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশন এলাকা থেকে চার মাস আগে ‘অপহৃত’ এক কিশোরীকে মাগুরার শ্রীপুর উপজেলা থেকে উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাঙ্গলবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধার পঞ্চদশী কিশোরী জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন। গত ০৩ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
এ অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাবুটিয়া গ্রামের মিশার হোসেনসহ সাত জনের নামে দামুড়হুদা থানায় একটি মামলা করেছিলেন মেয়েটির মা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলে যাওয়ার পথে জয়রামপুর স্টেশনের কাছে মিশার হোসেনসহ ৬/৭ জন একটি মাইক্রোবাসে করে মেয়েটিকে তুলে নিয়ে যায়।”
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে দামুড়হুদা থানা পুলিশ। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে এস আই আফজাল জানান।
তিনি বলেন, মিশার হোসেন দামুড়হুদায় বীজ নামের একটি এনজিওতে চাকরি করতেন। মেয়েটির সঙ্গে তার আগে থেকে পরিচয় ছিল।
উদ্ধার হওয়ার পর মেয়েটি পুলিশকে কি বলেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
