জাবির হলে শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের একদল নেতা-কর্মী।
অতিথি কক্ষের টি-টেবিলে পা রেখে বসাকে কেন্দ্র বৃহস্পতিবার দুপুরে এই হামলা হয় বলে নির্যাতিত শিক্ষার্থীরা জানিয়েছেন।
মারধরের শিকার ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) শিক্ষার্থী মো. শাহাজাহান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বন্ধু ইন্দ্রজিৎ ভৌমিক এবং অন্য দুজন বান্ধবীসহ হলে অতিথি কক্ষে বসে কথা বলার সময় এ ঘটনা ঘটে।
“আমাদের একজন টি-টেবিলে পা তুলে বসায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য এবং আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম কক্ষে ঢুকে আমাদের গালিগালাজ করতে থাকে।”
“আমি তার এ আচরণের প্রতিবাদ করে বলি, তুমি আমার জুনিয়র। তাই তুমি আমার সাথে এমন আচরণ করতে পারো না। এরপর সে চলে যায়।”
কিছুক্ষণ পরে কামরুল ইসলামের নেতৃত্বে হলের ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পিয়ালসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে রড, স্ট্যাম্প দিয়ে তাদের মারধর শুরু করে বলে জানান আহত শিক্ষার্থী বাদশা।
আহত অন্য শিক্ষার্থী ইন্দ্র্রজিৎ ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারধরের পর হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. অনিকসহ সিনিয়ররা এসে সমঝোতার চেষ্টা করে এবং আহত বাদশাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মো. রেজওয়ানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আঘাতের ফলে নাকে সামান্য রক্তক্ষরণ হয়েছে। মুখের কয়েক জায়গায় জখমের চিহ্ন আছে। তেমন মারাত্মক আঘাতের চিহ্ন পাইনি।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে কামরুল হাসান মারধরের ঘটনা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু ধস্তাধস্তি হয়েছিল।”
এ বিষয়ে রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “জুনিয়র কর্মীরা এ কাজ করেছে। সিনিয়র শিক্ষার্থীর গায়ে হাত তোলা নিঃসন্দেহে অন্যায়। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ঘটনা সত্য হলে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি হল কর্তৃপক্ষের আওতাধীন জানিয়ে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বিডিনিউজ টেযেন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি যেহেতু হলের ভিতরে ঘটেছে, সেহেতু এটা হল কর্তৃপক্ষ দেখবে।”
