জবি নীল দলের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক লুৎফর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগসমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন কমিটি হয়েছে।
ব্যবস্থাপনা বিভাগের অধাপক এ কে এম মনিরুজ্জামান সভাপতি ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ভোটগ্রহণ শেষে বিকাল ৫টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীল দলের ৪৩৭ জন শিক্ষক ভোটারের মধ্যে ৩৭০ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত মনিরুজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার আলী আক্কাস পেয়েছেন ১৬৮ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত লুৎফর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম আব্দুল্লাহ পেয়েছেন ১৭০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে নাসির উদ্দীন আহমেদ ও অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ পদে ড. মো. আমিনুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসাইন ও মনিরা জাহান সুমি এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মহসিন রেজা নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নাজিয়া আরিফা, ড. কাজী সাইফুদ্দীন, সোনিয়া মুনমুন, মোহাম্মদ হাফিজুল ইসলাম, কিশোর রায়, শেখ আলমগীর হোসাইন, আফসানা আহমেদ, আনিতা রানী চৌধুরী, ড. মো. রেজাউল করিম, অধ্যাপক মো. আশরাফ-উল-আলম ও শামীমা আক্তার নির্বাচিত হয়েছেন।
