ধামরাইয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ
ঢাকার ধামরাই উপজেলায় জুয়া খেলায় বাধা দেয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ধামরাই থানার এসআই জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে লাওড়াকুণ্ড গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হুসনেয়ারা বেগম (২৬) উপজেলার লাওড়াকুণ্ড গ্রামের হানিফ আলীর স্ত্রী। ঘটনার পর হানিফ পালিয়ে গেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই জহিরুল জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য টাকা দাবি করে হুসনেয়ারাকে নির্যাতন করে আসছিল হানিফ। একাধিকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলেও সেই টাকা দিয়ে জুয়া খেলতেন তিনি।
বুধবার রাতে হানিফ জুয়া খেলতে যাওয়ার সময় তাকে বাধা দেয় তার স্ত্রী। এ সময় হানিফ ক্ষিপ্ত হয়ে হুসনেয়ারাকে গলাটিপে হত্যার পর পালিয়ে যায়।
পুলিশ সদস্য জহিরুল আরও বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
