২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে হাসপাতাল ও থানায় পানি

টানা বৃষ্টিতে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা চত্বরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 05:02 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

বুধবার ভোররাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দিনভর চলা এ বৃষ্টিতে পানি জমে স্থানীয় হাসপাতালের চিকিৎসক-রোগী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, তৈরি পোশাক শ্রমিকসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ ছাড়াও সুরতরঙ্গ রোড, সুলতানা রাজিয়া রোড, মোক্তারবাড়ি রোড এবং সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ রোড পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজসহ আশপাশের বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে টঙ্গী সরকারি হাসপাতাল চত্বর ও নিচতলার মেঝেতে হাঁটু পানি দেখা যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমে গেলেও বেলা ২টার দিকে নিচতলার মেঝেতে পানি রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান।

Image
টানা বৃষ্টিতে টঙ্গীর সরকারি হাসপাতাল ও থানা চত্বরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে টঙ্গীর সরকারি হাসপাতাল ও থানা চত্বরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

Image
টানা বৃষ্টিতে টঙ্গীর সরকারি হাসপাতাল ও থানা চত্বরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে টঙ্গীর সরকারি হাসপাতাল ও থানা চত্বরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

টঙ্গীর থানা ক্যাম্পাসে প্রায় হাঁটু পানি জমে ছিল বলে থানার ওসি মোহাম্মদ আলী জানান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমছে জানিয়ে ওসি বলেন, জলাবদ্ধতার কারণে পুলিশ ও এলাকাবাসীদের থানায় যেতে সমস্যা হচ্ছে।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, বৃষ্টিতে কলেজে আসার পথ ও মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাঠের পানি কলেজ ক্যাম্পাসের মসজিদের ভেতরেও ঢুকে যায়।

দুপুরে পানি কিছু কমলেও জলাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, “জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি হচ্ছে। মসজিদে নামাজ পড়া যাচ্ছে না।”

টঙ্গী সরকারি কলেজের মাঠও পানিতে পূর্ণ হয়ে রয়েছে বলে কলেজটির পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. কলিমুল্লাহ জানান।

তিনি বলেন, পাশের সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ রোড, সুলতানা রাজিয়া রোড়, মোক্তার বাড়ি রোডসহ আশপাশে এলাকায়ও একই অবস্থা।

Image
টানা বৃষ্টিতে টঙ্গীর সরকারি হাসপাতাল ও থানা চত্বরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে টঙ্গীর সরকারি হাসপাতাল ও থানা চত্বরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন জানান, টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচ দিয়ে একটি সরু কালভার্ট রয়েছে। এ দিয়ে পুরো এলাকার পানি সরে যেতে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগকে জানালেও কোনো উদ্যোগ দেখা যায়নি বলে জানান মেয়র।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, ওই কালভার্টের ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের বা সাবেক টঙ্গী পৌরসভার তরফ থেকে কোন রিকুইজিশন দেওয়া হয়নি।

কালভার্টটি দেখভালের দায়িত্ব সিটি করপোরেশনের জানিয়ে তিনি বলেন, “এটি ব্রিটিশ আমলের তৈরি বলে শুনেছি। মহাসড়ক থেকে কালভার্টটি প্রায় ১৫ ফুট নিচে রয়েছে। এটি পরিষ্কার করে রাখলে পানি কিছুটা নেমে যায়।”

কালভার্টের সংস্কার ও বড় করার বিষয়ে সওজ প্রকৌশলী সবুজ বলেন, এ জন্য অনেক অর্থ ও সময়ের প্রয়োজন।

</div>  </p>