ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জন।
বুধবার দুপুরে উপজেলার দরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দাগনভূঞা পল্লী বিদ্যুতের পরিচালক ইসমাঈল হোসেন লিটন ।
মৃত আবদুস সালাম দাগনভূঞা পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আহত তুহিন হোসেনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসমাঈল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে দরাপপুর গ্রামের মিজানের বাড়িতে বিদ্যুতের মাস্টার প্ল্যানের কাজ করতে যান লাইনম্যান আবদুস সালাম ও তুহিন হোসেন। মিটার লাগানো শেষে লাইন চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা।
পরে স্থানীয়রা তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান, পল্লী বিদ্যুতের এক লাইনম্যান মারা গেছেন বলে শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।
