মাটিচাপায় তিন ভাইয়ের মৃত্যু
মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীর পাড় ভেঙে চাপা পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় নলেরচর ইউনিয়নের কেরিংচরে নদীর পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হল, নোয়াখালী নলেরচর ইউনিয়নের নৌঙ্গরপাড় এলাকার হাসান আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (১০), জিয়া উল হক (৮) ও মো. রাহাত (৬)।
পরিবারের বরাত দিয়ে হাতিয়া থানার ওসি নূরুল হুদা জানান, সোমবার সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যায় ওই শিশুরা।এরপর থেকে নিখোঁজ ছিল তারা।
“মঙ্গলবার দুপুরে তাদের মাছ ধরার স্থানের পাড়ে মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।”
বৃষ্টির কারণে নদীর পাড়ের মাটি নরম থাকায় পাড় ভেঙে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ওসি নুরুল হুদার।
