আরও ১০ মামলা স্থগিত, লতিফের জামিন
হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ‘কটূক্তির’ আরও দশ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে এসব মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।
মঙ্গলবার লতিফ সিদ্দিকীর আবেদনের ওপর শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।
চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর ও ঢাকার একটি করে এবং চট্টগ্রামের সাতটি মামলায় এই আদেশ এসেছে।
তবে একই অভিযোগে আরও পাঁচটি মামলা থাকায় আওয়ামী লীগের বহিষ্কৃত এই নেতা এখনই মুক্তি পাচ্ছেন না।
আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
এই দশ মামলায় লতিফকে অন্তবর্তীকালীন জামিন দেওয়ার পাশাপাশি মামলাগুলোর কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত।
এসব মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।মামলার বাদী ও সরকারকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে মোট ১৭টি মামলায় লতিফ সিদ্দিকী জামিন পেলেন ও মামলার কার্যক্রম স্থগিত হল। নথিতে দেখা যায়, তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এ ছাড়া আরও একটি মামলায় সমন হয়েছে দেখেছি। এ হিসেবে আরও পাঁচটি মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না।”
গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করেন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা হয়।
বিভিন্ন ইসলামপন্থি দলের আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে লতিফকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
হাকিম বা জজ আদালতে কোনো মামলায় জামিন না পেয়ে হাই কোর্টে আসেন টাঙ্গাইলের সাংসদ লতিফের আইনজীবীরা। গত ১৪ জুন তারা মামলা বাতিল ও জামিন চেয়ে দশটি আবেদন করেন, যার ওপর মঙ্গলবার শুনানি হয়।
লতিফের আইনজীবী আদালতে যুক্তি দেন, ফৌজদারী কার্যবিধির ১৮৮ ধারা অনুযায়ী ‘দেশের বাইরে করা অপরাধে’ দেশে মামলা করতে হলে আগে ‘সরকারের অনুমোদন’ লাগে। কিন্তু এসব মামলার ক্ষেত্রে তা নেওয়া হয়নি। যেভাবে মামলা দাখিল করা হয়েছে তাও ‘আইনসম্মত হয়নি’।
তাছাড়া মামলা করতে হলে স্পষ্ট অভিযোগ আনার নিয়ম থাকলেও এসব মামলায় তা হয়নি বলে দাবি করেন লতিফের আইনজীবী।
শুনানিতে তিনি বলেন, সংবিধানের ৩৫ (২) অনুচ্ছেদ অনুসারে একই অভিযোগে একাধিক মামলাও চলতে পারে না।
এর আগে ২৬ মে হাই কোর্টের একই বেঞ্চ একই অভিযোগে ঢাকার ছয়টি ও নারায়ণগঞ্জের একটি মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। পাশাপাশি এসব মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
