২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে বিকাশ এজেন্টকে গুলি করে টাকা লুট

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গভীর রাতে এক বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় তিন লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 11:21 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

সোমবার রাত ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের পদ্মা পোশাক কারখানার কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাইফুল ইসলাম কাজলকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে একটি গুলি লেগেছে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানান।

তিনি বলেন, উত্তর বেগুনবাড়ির একটি মার্কেটে কাজলের দোকান। রাতে দোকান বন্ধ করে হেঁটে বাসায় ফেরার পথে কালো রঙের একটি গাড়ি নিয়ে আসা তিন/চারজন যুবক তার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

“টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় কাজল বাধা দিলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে। তারপর ব্যাগ নিয়ে চলে যায়।”

ওসি বলেন, “কাজল পুলিশকে জানিয়েছেন, তার ব্যাগে দুই লাখ আশি হাজার টাকা ছিল।”

টাকা আনা-নেওয়ার সময় কাজলকে পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দেওয়া হলেও তিনি তা নেননি বলে জানান ওসি।