২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গাছে বেঁধে নির্যাতন: হুমকিতে নিরাপত্তার শঙ্কায় গৃহবধূ

নড়াইলে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় জামিনে বের হয়ে আসা আসামি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হুমকিতে পরিবারসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 05:01 AM

Updated : 26 Jul 2022, 12:02 PM

লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের বাবার বাড়িতে সাংবাদিকদের ডেকে নির্যাতনের শিকার গৃহবধূ ববিতা খানম সোমবার এ অভিযোগ করেন।

‘হুমকিদাতা’ কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আরজু নির্যাতনের ঘটনায় ববিতার মায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর গত ২ জুন জামিনে ছাড়া পান।

৩০ এপ্রিল লোহাগড়ার শালবরাত গ্রামে চুরির অভিযোগ তুলে গৃহবধূ ববিতাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানো ও নির্যাতনের এ ঘটনায় তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখ ও আরজুসহ সাতজনকে ওই মামলায় আসামি করা হয়।

সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে গৃহবধূ ববিতা অভিযোগ করেন, “আরজু আদালত থেকে জামিন পেয়ে আমাকে এবং আমার বাবা, মা, ভাইসহ পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে।”

এতে করে পরিবারের সদস্যসহ নিজের নিরাপত্তা এবং মামলার ন্যায় বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন জানিয়ে তিনি বলেন, “আরজু এবং আসামি পক্ষের লোকজন আমার পরিবারের ওপর আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছি। ”

এ সময় ববিতার বাবা-মা এবং ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হুমকির অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ নেতা আরজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহার করা মোবাইল ফোন দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া যায়।

গত ৩০ এপ্রিল লোহাগড়ার শালবরাত গ্রামে চুরির অভিযোগ তুলে গৃহবধূ ববিতাকে (২১) গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটায় তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখসহ বাড়ির সদস্যরা।

এক পর্যায়ে ববিতা সংজ্ঞা হারালে তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ৫ মে ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল, ভাসুর হাসান, শ্বশুর সালাম, শাশুড়ি জিরিন আক্তার, চাচা কালাম শেখ, নান্নু শেখ, আওয়ামী লীগ নেতা আরজকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটাস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে রিট আবেদন করে। এর জেরে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।

এরপর ববিতার স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় বর্তমানে ‘হুমকিদাতা’ আরজু ছাড়া বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

নড়াইলে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার আরও ৩  
গাছে বেঁধে নির্যাতন: দোষীদের গ্রেপ্তারের নির্দেশ