নড়াইলে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার আরও ৩
নড়াইলের লোহাগড়া উপজেলায় গৃহবধূ ববিতা খানমকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় তার শ্বশুর ও ভাসুরসহ আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে প্রায় দুই সপ্তাহ আগের ওই ঘটনায় মোট ছয় জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান।
গত ১০ মে হাই কোর্ট আকে আদেশে এ ঘটনায় জড়িতদের ধরতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল।
গত ৩০ এপ্রিল শালবরাত গ্রামে চুরির অভিযোগ তুলে গৃহবধূ ববিতাকে (২১) গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটায় তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখসহ বাড়ির সদস্যরা।
এক পর্যায়ে ববিতা সংজ্ঞা হারালে তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি লুৎফর জানান, মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মামলার আসামি ববিতার শ্বশুর মো. সালাম শেখ (৫৬), বড় ভাসুর মো. হাসান শেখ (৪২) ও তাদের প্রতিবেশী নান্নু শেখ।
এর আগে ববিতার স্বামী সেনা সদস্য শফিকুল শেখ (২৬), চাচা হিরু মিয়াসহ (৩৮) তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ববিতা নির্যাতন মামলায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল ফোনে সম্পর্ক হওয়ার পর ২০১৩ সালের ২১ নভেম্বর গোপনে শফিকুল ও ববিতার বিয়ে করেন।
গত ২৯ এপ্রিল রাতে ববিতা শফিকুলের বাড়ি যান। পরদিন (৩০ এপ্রিল) সকালে এলাকার মাতব্বর আজিজুর রহমান আজুর নেতৃত্বে শফিকুল, তার মা, বাবা এবং আরও কয়েকজন ববিতাকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্দয়ভাবে প্রহার করে।
এ ঘটনায় গত ৫ মে ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল, ভাসুর হাসান, শ্বশুর সালাম, শাশুড়ি জিরিন আক্তার, চাচা কালাম শেখ, নান্নু শেখ, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আরজকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে এ ঘটনায় মানবাধিকার সংগঠন হিউমেন রাইটাস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে রিট আবেদন করে। এর জেরে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয় এবং দোষীদের গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে আগামী ১৮ মে জেলা প্রশাসক ও লোহাগড়া থানার ওসিকে প্রতিবেদন দিতে বলে হাই কোর্ট।
পাশাপাশি নির্যাতনের শিকার ওই গৃহবধূর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনওসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
