বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
খুলনায় বাবাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানার এ রায় দেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি বদরুল হাসান কাঠগড়ায় উপস্থিত ছিলেন।বদরুল খুলনা নগরীর হাজী মহসীন রোডের ব্যবসায়ী হাসান মোহাম্মদ শহিদুল্লাহর ছেলে।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ জানান, সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালে বাবা মোহাম্মদ শহিদুল্লাহকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে বদরুল। এ হত্যাকাণ্ডের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দণ্ড দিয়েছে বলে জানান তিনি।
