২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাওয়াশ’ দেখার প্রত্যাশা সংসদেও

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ বাংলাদেশের সংসদ অধিবেশনেও ঢেউ তুলেছে, এসেছে আরেকটি ‘বাংলাওয়াশ’ দেখার প্রত্যাশার কথাও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 12:20 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার সকালে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এ সময় টেবিল চাপড়ে স্পিকারকে সমর্থন জানান সংসদ সদস্যরা। 

আগের দিন ঢাকার মিরপুরে ভারতেকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ ক্রিকেট দল।

এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর রাতেই উল্লাসে ফেটে পরে ক্রিকেটপ্রেমীরা। মিরপুর স্টেডিয়াম পাড়া ছাড়াও ঢাকার শাহবাগসহ বিভিন্ন এলাকায় অলিতে গলিতে শুরু হয় তারুণ্যের আনন্দ মিছিল।

ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দনের পর সংসদ অধিবেশনে স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম বলেন, “সকল বিশ্ব আজ টের পাচ্ছে- কত ধানে কত চাল। আমাদের শনির দশা শেষ হয়েছে, বৃহস্পতি এখন তুঙ্গে। সকলে হাসে, মায়ের কোলে শিশু হাসে। আমাদের নেত্রী সত্যিই ভাগ্যবতী। তার সময়ে আমরা ক্রিকেটে চ্যাম্পিয়ন।”

 সিরিজের প্রথম ম্যাচে অভিষেকেই পাঁচ উইকেট পাওয়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান রোববার ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট পাওয়ার রেকর্ড আর কারও নেই।

এই দুর্দান্ত জয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার ভারতকেও ‘বাংলাওয়াশ’ করার আশা জাগিয়েছেন মাশরাফিরা।

সাংসদ ফজলে নূর তাপস বলেন, “বাংলার টাইগাররা আবার থাবা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ইনশাল্লাহ, ২৪ তারিখে ভারতকে ‘বাংলাওয়াশ’ করে বিজয়যাত্রা অব্যাহত রাখব।”

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ‘বিতর্কিত সিদ্ধান্তের কারণে’ ভারতের কাছে পরাজয়ের স্মৃতি যে বাংলাদেশ এখনো ভোলেনি, তার আঁচ পাওয়া গেল সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পীর কথায়।

“আমাদের সোনার ছেলেরা বিশ্বকে জানিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে, শুনিয়ে দিয়েছে বাঘের গর্জন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, আমাদের যে রক্তক্ষরণ হয়েছিল- তার জবাব দিয়েছে আমাদের টাইগাররা। ভারতকে গতকাল তছনছ করে দিয়েছে আমাদের সোনার ছেলেরা।”

মন্ত্রিসভায়ও উচ্ছ্বাস

ভারতের বিপক্ষে সিরিজ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত ছিল মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে সিরিজ বিজয়, ক্রিকেটে যে হাইটে আমরা, তার একটা উদাহরণ।

“ক্রিকেট বিজয় উপলক্ষে ক্রিকেট দল, ম্যানেজার, অর্গানাইজার, কোচ সবাইকে অভিনন্দন জানানো হয়েছে, আনন্দ প্রকাশ করা হয়েছে।”

“বিশেষ করে আমাদের নবীন ক্রিকেটারদের যে অর্জন, নিপূণতা, কুশলতা- এটা আমাদের গর্ব করার বিষয়, সেটি কেবিনেট লক্ষ্য করেছে।”