শাটল ট্রেনের ধাক্কায় চবি ছাত্রী আহত
চট্টগ্রাম শহরের ষোলশহর স্টেশনে শাটল ট্রেনের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন ।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি স্টেশনে আসার সময় এঘটনা ঘটে বলে জানান তার সহপাঠীরা।
আহত ফারিয়া তুজ জান্নাত রিমা ফলিত পদার্থবিদ্যা, তড়িৎকৌশল ও যোগাযোগ বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী জানান, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেনটি আসার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে লাইনের খুব কাছে চলে গেলে ধাক্কা লাগে।
ছাত্রীর সহপাঠী ইরফান জিশান বলেন, “তার মাথায় আঘাত লেগেছে। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”
রোববার ফলিত পদার্থবিদ্যা বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা ছিল, যা স্থগিত করা হয়েছে বলে জানান বিভাগের প্রধান জামাল উদ্দিন আহমেদ।
