জাফরুল্লাহর পরোয়ানা প্রত্যাহার
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারে জারি করা পরোয়ানা চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের কারণে প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জাফরুল্লাহ ট্রাইব্যুনালের দেওয়া জরিমানার আদেশের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের নথি দাখিল রোববার পরোয়ানা প্রত্যাহারের আবেদন করলে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আদালত পরোয়ানার আদেশ প্রত্যাহার করে নিয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ স্থগিত রাখতে বলা হয়েছে।”
বিচার মেনে জরিমানা না দেওয়ায় গত ১৮ জুন ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারে ওই পরোয়ানা জারি করে।
অবশ্য তার আগেই ট্রাইব্যুনালের দেওয়া জরিমানার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গিয়ে স্থগিতাদেশ পান এই চিকিৎসক।
ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেওয়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার শাস্তির পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, এক সপ্তাহের মধ্যে জরিমানা না দিলে তাকে একমাস জেল খাটতে হবে।
গত ১০ জুন ওই রায়ের ছয় দিন পর জাফরুল্লাহ চেম্বার আদালতে যান। তার আবেদনের শুনানি করে চেম্বার বিচারক ট্রাইব্যুনালের দেওয়া অর্থদণ্ডের আদেশের কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে দেন এবং ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলেন।
এদিকে সাজা দেওয়ার পর সপ্তাহ পেরিয়ে গেলেও জাফরুল্লাহ জরিমানা না দেওয়ায় গত বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
রোববার সকালে জাফরুল্লাহ ট্রাইব্যুনালে হাজির হয়ে চেম্বার বিচারপতির স্থগিতাদেশের কপি, আইনজীবী সনদ, অবহিতকরণপত্রসহ পরোয়ানা প্রত্যাহারের আবেদন রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন। ওই আবেদন পাওয়ার পরই ট্রাইব্যুনালের বিচারক তা প্রত্যাহারের আদেশ দেন।
