চট্টগ্রামে দুইশ কেজি ভেজাল ঘি জব্দ
চট্টগ্রামের পাঁচলাইশ থানার টুনু মুন্সির বাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে প্রায় দুইশ কেজি ভেজাল ঘি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে এ অভিযান চালানো হলেও শনিবার বিকালে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
পাঁচলাইশ থানার ওসি মহি উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টুনু মুন্সি বাড়ি এলাকায় একটি বাসায় ভেজাল ঘি তৈরি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“এ সময় বিভিন্ন মাপের বেশ কিছু ভেজাল ঘি ভর্তি টিন উদ্ধার করা হয়। এসব কৌটার গায়ে অনিল ঘোষ এর বাঘাবাড়ি স্পেশাল খাঁটি গাওয়া ঘি, পাবনা, বাংলাদেশ লেখা ছিল।”
ওই বাসা থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম ওজনের ৩৭৬টি, ২৫০ গ্রাম ওজনের ২২৩টি, ৪৫০ গ্রাম ওজনের ১৭৯টি, ২০০ গ্রাম ওজনের ৭২টি এবং ৫০ গ্রাম ওজনের ৪০টি কৌটা ভর্তি ভেজাল ঘি।
এসব কৌটায় থাকা ঘিয়ের পরিমাণ প্রায় ১৯৮ কেজি পাঁচশ গ্রাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া পাঁচলাইশ থানার এসআই মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির মালিক দিদার জানিয়েছে ছয়-সাত মাস আগে মুজিব ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তি বাসাটি ভাড়া নিয়েছিল।
“অভিযান দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে।”
অভিযানে ওই বাসা থেকে ১ লিটার ওজনের ১২টি খালি কৌটা, তিনটি প্লাস্টিকের ড্রাম, একটি টিনের ড্রামে কিছু তলানি, লোহার তৈরি একটি ঘি তৈরির মেশিন এবং এক রোল ‘বাঘাবাড়ি ঘি’ লেখা প্লাস্টিকের লেভেল উদ্ধার করা হয়।
