২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বেড়িবাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত

বরগুনায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

জেলার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপে পাথরঘাটার পদ্মা, রুহিতা ও জ্বিনতলার বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে এ গ্রামগুলো।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম জানান, জোয়ারে পানির চাপ বেশি থাকায় পাথরঘাটার পদ্মা ও রুহীতা এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। বেশ কিছু এলাকায় ভাঙা বেড়িবাঁধ সঠিকভাবে সংস্কার না হওয়ায় এসব এলাকা থেকেও পানি ঢুকে পড়ছে বিভিন্ন লোকালয়ে।

পদ্মা, রুহীতা ও জীনতলার বেড়িবাঁধ সংস্কার করার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই এসব বেড়িবাঁধের কাজ শুরু হবে বলে জানান তিনি।

বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম জানান, পাথরঘাটার পদ্মা গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চিড়া, চিনি ও  মুড়ি দেওয়া হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য জিআর চাল বরাদ্দ করা হয়েছে।

বেড়িবাঁধের স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাঁধ ভেঙে পদ্মা, রুহিতা, জ্বিনতলা, বাদুর তলা, কোড়ালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা ও গাববাড়ীয়া গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বেতাগী উপজেলায় বেড়িবাঁধ না থাকার কারণে ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ী, গাবতলী, আলিয়াবাদ, জোয়ার করুনা ও গ্যারামর্দন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

বেড়িবাঁধের বাইরে থাকা তালতলীর খোট্টার চর, নলবুনিয়ার চর, আশার চর ও তেঁতুলবাড়ীয়া চরের নিম্নাঞ্চলও জোয়ারের পানিতে তলিয়ে গেছে।