উন্নয়ন পরিকল্পনায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান
এলাকার উন্নয়ন পরিকল্পনায় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন।
জাতীয় সংসদের শনিবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “উন্নয়নে ও বাজেট প্রণয়নে জনপ্রতিনিধিদের ও জনগণের অধিকার চাই।
“শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলের ভালো বোঝার কথা না।”
পরবর্তী তিন অর্থবছরের জন্য প্রতিটি সংসদীয় এলাকার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবিও জানান স্বপন।
“টাকা দেওয়ার দরকার নেই। ১০০ কোটি টাকা করে আগামী তিন বছরের জন্য ৩০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হোক।”
তিনি বলেন, “আমাদের টাকা দেওয়ার দরকার নেই। আমরা বাস্তবায়নের কাজ করতে চাই না। ২০ লাখ টাকা দিয়ে বলবে, এমপিদের টাকা নেওয়া হয়েছে। আমরা টাকা চাই না। আমরা উন্নয়নের পরিকল্পনা করতে চাই।”
গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে রংপুর পর্যন্ত সড়ক চার লেইনে উন্নীত করার দাবিও জানান উত্তরাঞ্চলের এই সংসদ সদস্য।
