কেরাণীগঞ্জে ট্রাকচাপায় মোটর সাইকেলআরোহীর মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ট্রাকচাপায় মোটর সাইকেলআরোহী এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দুপুরে উপজেলার কদমতলি এলাকার যুবলীগ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান।
নিহত উজ্জ্বল (৩০) পুরান ঢাকার বংশাল এলাকার কালু মিয়ার ছেলে। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা অরিস নামের আরেক যুবক আহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাকসহ চালক দেলোয়ার হাসেনকে (২৫) পুলিশ আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উজ্জ্বল দুপুরে মোটর সাইকেলে অরিসকে নিয়ে কদমতলি সড়ক দিয়ে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা অরিসকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
