২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুঁশিয়ারির পর দুদকে গেল ইসির নথি

দুর্নীতি দমন কমিশনের হুঁশিয়ারির পাওয়ার পর নির্ধারিত সময়ের একদিন আগে নথি পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

দেড় বছরে কয়েকবার চেয়েও সফটওয়্যার কেনা সংক্রান্ত দুটি নথি না পাওয়ার পর গত ১৫ জুন ইসিকে নোটিস পাঠিয়ে বৃহস্পতিবারের মধ্যে তা দিতে বলে দুদক।  

বৃহস্পতিবার জানতে চাওয়া হলে ইসির জ্যেষ্ঠ সহকারী প্রধান সাইফুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নথি দুটি বুধবারই দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।

“বিশেষ বাহক মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে তা। সময়সীমা বেঁধে দেওয়ায় আমরা একটু আগেই পাঠিয়ে দিয়েছি,” বলেন ইসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার এই কর্মকর্তা।

এই সফটঅয়্যার কেনায় দুর্নীতির অভিযোগ তদন্তে নথি দুটি চেয়েছিল দুদক।

তবে সাইফুল বলেন, “সফটঅয়্যার কেনা নিয়ে কোনো দুর্নীতি হয়েছে বলে আমরা মনে করি না।”

২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প [পিইআরপি] নেওয়া হয়। এ ধারাবাহিকতায় টাইগার (বিডি) লিমিটেড নামে একটি আইটি প্রতিষ্ঠানটি নাগরিকদের তথ্য যাচাইয়ে সফটওয়্যার সরবরাহ করে।

ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসি সফটঅয়্যারের মেধাস্বত্ব কিনতে পারেনি। তাই প্রতিবছরই হালনাগাদের সময় টাইগার বিডি থেকে সফটওয়্যার কিনতে হচ্ছে।

এর মধ্যে এই কেনাকাটায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর তার অনুসন্ধানে নামে দুদক।

পুরনো খবর:

নথি চেয়ে ইসিকে দুদকের নোটিস, হুঁশিয়ারিও