২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথি চেয়ে ইসিকে দুদকের নোটিস, হুঁশিয়ারিও

নির্বাচন কমিশনের ভোটারদের নিবন্ধন তথ্য যাচাইয়ে দুটি সফটওয়ার‌ কেনা সংক্রান্ত নথি বৃহস্পতিবারের মধ্যে দিতে বলেছে দুর্নীতি দমন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 09:10 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

গত দেড় বছর ধরে কয়েকবার তাগিদ দিয়েও পর্যাপ্ত তথ্য পেতে ব্যর্থ হওয়ার পর এই নোটিস পাঠানো হল। নথি না পাঠালে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দুদক।

দুটি সফটঅয়্যার কিনতে টাইগার (বিডি) লিমিটেড নামের আইটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০১০ সালে ইসি চুক্তিবদ্ধ হয়। এতে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর তার অনুসন্ধানে নামে দুদক।

দুদক বলছে, চাওয়া হলেও এ যাবৎ কোনো নথিই সরবরাহ করেনি ইসি সচিবালয়। তাতে অভিযোগ নিষ্পত্তি করতে দেরি হচ্ছে।

এরপর বৃহস্পতিবারের মধ্যে দুদকের চাহিদামতো নথি সরবরাহে ব্যর্থ হলে দণ্ডনীয় অপরাধে সাব্যস্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দুদক উপ পরিচালক মো. নাসির উদ্দিন সোমবার চিঠি পাঠান ইসিতে।

কে, কখন অভিযোগ করেছে এবং তদন্ত কাজ কতদূর এগিয়েছে- জানতে দুদকের এ কর্মকর্তার সঙ্গে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের চাহিদা মতো নথি ইতোমধ্যে পাঠানো হয়েছে। তবে তাতে দুদক সন্তুষ্ট না হতে পারেন।

“আমরা তো আর আইনের ঊর্ধ্বে নই। দুদকের চিঠি পেয়েছি। তারা নথি চেয়েছেন। আমরা নথি পাঠিয়ে দেব।”

স্বাধীন প্রতিষ্ঠান দুদক দুর্নীতি দমনে কাজ করে। স্বাধীন অন্য প্রতিষ্ঠান ইসির কাজ নির্বাচন পরিচালনা। 

দুদকের চাওয়া অনুযায়ী নথি পাঠাবেন জানানোর পাশাপাশি ইসি সচিব দাবি করেন, সফটঅয়্যার কেনায় কোনো দুর্নীতি হয়নি।

“আমি তো জানি, এ নিয়ে কোনো দুর্নীতি হয়নি। এখন দুদক নথি চেয়েছে, দেখা যাক তারা কিছু পায় কি না।”

দুদকের উপ-পরিচালক স্বাক্ষরিত চিঠিতে ২০১০ সালের ১৫ জুন সম্পাদিত ইসির চুক্তির প্যাকেজ নম্বর ৫(২)এর আওতায়, অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট মেচিং সিস্টেমের ডাটাবেইজ ও সফটওয়্যার সাপ্লাই, ইন্সটলেশন ও কমিশনিং সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি এবং ২০১৪ সালের ১৪ অক্টোবর সম্পাদিত চুক্তির প্যাকেজ নম্বর জি ৫(৩) লট এর আওতায়, ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম সিস্টেম এর ডাটাবেজ ও সফটওয়্যার সাপ্লাই, ইন্সেটলেশন ও কমিশনিং সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০১৪ সালে ১ জানুয়ারি নথি চেয়ে চিঠি দেয় দুদক। গত বছর ১৭ জুন পর্যন্ত কোনো রেকর্ডপত্র সরবরাহ করেনি ইসি।

দুদক আইনের ১৯(৩) ধারা অনুযায়ী, কেউ দুদকের কোনো নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ বিবেচিত হবে। এ  অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।

২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প [পিইআরপি] নেওয়া হয়। এ ধারাবাহিকতায় টাইগার (বিডি) লিমিটেড আইটি প্রতিষ্ঠানটি নাগরিকদের তথ্য যাচাইয়ে সফটওয়্যার সরবরাহ করে।

ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসি সফটঅয়্যারের মেধাস্বত্ব কিনতে পারেনি। তাই প্রতিবছরই হালনাগাদের সময় টাইগার বিডি থেকে সফটওয়্যার কিনতে হচ্ছে।