নারী পুলিশ ধর্ষণ: এএসআই কলিমুর রিমান্ডে
রাজধানীতে এক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামী এএসআই কলিমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলম মিয়া তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম মেহের নিগার সুচনা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে এএসআই কলিমুরের জামিন তার আইনজীবী মো. নাহিয়ান ইবনে সুবহান বলেন, “এ ঘটনা শত্রুতাবশত করা হয়েছে। অভিযোগের কোনো ভিত্তি নেই।”
গত ১১ জুন রাতে খিলগাঁও থানা মাত্র পাঁচশ’ গজ দূরে তিলপাপাড়ার একটি বাসায় ওই নারী কনস্টেবলকে ধর্ষণ করা হয় বলে তার অভিযোগ।
তার বড় বোন গত ১৩ জুন ঢাকার খিঁলগাও থানায় এএসআই কলিমুরসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই নারীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানিয়েছেন।
কনস্টেবলের বড় বোন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর আগে তার বোনের সঙ্গে কলিমুরের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর ১০ লাখ টাকা যৌতুক দাবি করে ওই তাকে পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন তিনি। এসব নিয়ে এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে।
ওই ঘটনা নিয়ে স্বামীর বিরুদ্ধে ওই নারী কনস্টেবল আদালতে মামলা করেছিলেন বলেও জানান তার বোন।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরে মায়ের সঙ্গে থাকছিলেন ওই নারী কনস্টেবল। গত ১১ জুন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর সাবেক স্বামী তাকে ধরে তিলপাপাড়ার ওই বাসায় নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
মামলার তদন্ত কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, এএসআই কলিবুর এপিবিএন-এ যোগ দেওয়ার জন্য খিঁলগাও থানা থেকে ১১ জুন ছাড়পত্র নেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।
বুধবার তাকে কক্সবাজার থেকে আটক করা হয়।
