২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 10:31 AM

Updated : 12 Oct 2022, 03:52 PM

সরকারপ্রধানকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ১১টা ৪৩ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

ঢাকায় পৌঁছানোর আগে সিলেটে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। 

সিলেট আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দীন আহমদ কামরানের নেতৃত্বে দলের জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

শেখ হাসিনা এ সময় বলেন, “আমি এ অনুষ্ঠানের মাধ্যমে, দেশবাসীকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি।”

এর আগে বাংলাদেশ সময় রাত ১২টা ২০ মিনিটে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেবিন ক্রুদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

Image
লন্ডনে ভাগ্নি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডনে ভাগ্নি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Image
সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছয়দিনের ব্যক্তিগত সফরে গত শুক্রবার লন্ডন পৌঁছান শেখ হাসিনা। ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম যুক্তরাজ্য সফর।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন তার খালা।

ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য গত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরদিন ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল ও তার পরিবারের সদস্যরা এবং টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।