২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র বেতন স্কেল চান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

প্রস্তাবিত অষ্টম বেতন স্কেল নিয়ে খেদ জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 10:06 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানয়তনে উচ্চ শিক্ষা বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সপ্তম বেতন স্কেলে সচিব, সিলেকশন গ্রেডের অধ্যাপক ও মেজর জেনারেল এক নম্বর গ্রেডে থাকলেও প্রস্তাবিত বেতন স্কেলে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক ও অধ্যাপকদের বেতন আগের তুলনায় তিন থেকে চার ধাপ নেমে গেছে।

এনিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে গত ১৩ মে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে কাঠামো সুপারিশ করে সচিব কমিটি।

এখন অর্থমন্ত্রণালয় সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদনটি মন্ত্রিসভায় উপস্থাপন করবে। আগামী ১ জুলাই থেকে অষ্টম বেতন স্কেল কার্যকর করবে সরকার।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কম রাখা সরকারের রূপকল্পের সঙ্গে সাংঘর্ষিক।

প্রস্তাবিত অষ্টম বেতন স্কেল নিয়ে শিক্ষকদের ক্ষোভের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, “আমরা সরকারের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় যাব না। স্বতন্ত্র বেতন স্কেল দিয়ে আমাদের মার্যদা দেওয়া হোক।

“শ্রীলঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পথে গিয়েছেন আমরা সে পথে যেতে চাই না। আমরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছি। প্রয়োজনে জাতির স্বার্থে দীর্ঘ কর্মসূচিতে যাব।”

লাণ্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়া শুনবেন বলেও জানান শিক্ষক নেতা অধ্যাপক কামাল।

বর্তমানে শিক্ষাখাতে যে বরাদ্দ রয়েছে তা দিয়ে দক্ষ মানব সম্পদ সৃষ্টি হবে না বলেও দাবি করেন তিনি।

সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ বাজেটে শিক্ষায় বরাদ্দ দিন দিন কীভাবে কমছে সে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

পাশ্ববর্তী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাংলাদেশের শিক্ষকদের বেতন বৈষম্যের দিকগুলোও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

গবেষণাখাতে বরাদ্দ বাড়ানো দাবি জানিয়ে বিশ্ববিদ্যায়গুলোকে নিজস্ব ওয়েবসাইট উন্নত করে সেখানে হালনাগাদ তথ্য সন্নিবেশিত করা, পাঠাগারের কলেবর বাড়ানো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তামূলক সম্পর্ক স্থাপনের উপর শিক্ষকরা সংবাদ সম্মেলনে গুরুত্বারোপ করেন।