২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিমাগারভরতি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

রোজা শুরুর ঠিক আগে চট্টগ্রামের একটি হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শুকনো খেজুর ও কিসমিস জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:43 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

বুধবার কোতোয়ালি থানার চৈতন্যগলি এলাকায় ‘ইএটিসি কোল্ড স্টোরেজে’ অভিযান চালিয়ে এসব খেজুর ও কিসমিস পাওয়া যায়।

মেয়াদোত্তীর্ণ খেজুর রাখায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এবং পণ্যের মালিকের তিন কর্মচারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে ৬০ হাজার কেজি খেজুর এবং ২১ হাজার কেজি কিসমিস জব্দ করা হয়।

রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিসমিসের কার্টনে নতুন তারিখের স্টিকার লাগিয়ে তা বাজারে পাঠানোর পরিকল্পনিা নিয়েছিল বলে জানান তিনি।

খেজুরের কার্টনগুলোর গায়ে উৎপাদনের তারিখ লেখা ছিল ২০১৪ সালের ১ মে। আর মেয়াদ ছিল উৎপাদনের তারিখ থেকে এক বছর।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কার্টনগুলোতে নতুন করে উৎপাদনের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৪ যুক্ত স্টিকার লাগানো হচ্ছিল।

অভিযানের পর কোল্ড স্টোরেজটিতে সিলগালা করে দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম।

রওনক জাহানের মালিকানাধীন ইস্ট এশিয়াটিক ট্রেডিং লিমিটেড নামের কোল্ড স্টোরেজটিতে গত বছরের ২২ জুলাই নুরুল আলম নামে এক ব্যক্তি ১৩ হাজার ৩২৯ কার্টন খেজুর রেখেছিলেন।

ইস্ট এশিয়াটিকের সহকারী ব্যবস্থাপক এ কে মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের ৩১ মে পর্যন্ত খেজুরগুলো রাখার কথা থাকলেও এই সময়ের মধ্যে তারা সব খেজুর নিয়ে যায়নি।

হিমাগারটিতে নয়জন মালিকের খেজুর, কিসমিস, বাদামসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।

এর মধ্যে নুরুল আলম চৌধুরীর নামে রাখা খেজুর এবং খান জাহান আলীর নামে রাখা কিসমিসগুলো নষ্ট পাওয়া যায় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, নুরুল আলম চৌধুরী খেজুরগুলো আমদানির পর আবার আজিজ মোহাম্মদ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন।

তবে কোল্ড স্টোরেজে থাকা অন্য মালামালগুলোও যাচাই বাছাই করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল।

কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক এস কে দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দোলন বড়ুয়া (৩২), মাহবুবুর রহমান (৪০) ও অন্য একজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান হাকিম।

সাজাপ্রাপ্ত তিন কর্মচারী আজিজ মোহম্মদের নিয়োগ করা বলে জানান তিনি।