রাজাকার মাহিদুরের আপিল
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান।তবে তার সঙ্গে একই সাজা পাওয়া আফসার হোসেন চুটু এখনও আপিল করেননি।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২০ মে এই দুজনকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়।
ওই রায়ের বিরুদ্ধে মাহিদুরের আপিল আবেদন মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয় বলে তার আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান।
বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ট্রাইব্যুনালের দণ্ডাদেশ বাতিল করে খালাস চেয়ে আপিলটি করা হয়েছে।”
৬০ পৃষ্ঠার মূল আপিলে মাহিদুরের খালাসের পক্ষে ৫০টি যুক্তি দেওয়া হয়েছে। আর নথিপত্রসহ সবমলিয়ে এতে পৃষ্ঠাসংখ্যা ৫০০।
একাত্তরের এ দুই রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন।
এর মধ্যে ট্রাইব্যুনালের রায়ে প্রথমটিতে দুই আসামিকে সর্বসম্মতভাবে আমৃত্যু কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দ্বিতীয় অভিযোগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মাহিদুর রহমান ও আফসারকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তৃতীয় অভিযোগে এর আগে দালাল আইনে তারা দণ্ডিত হওয়ায় ওই অভিযোগটি বাদ দেয় আদালত।
ট্রাইব্যুনালে এ পর্যন্ত আসা ১৯টি যুদ্ধাপরাধের মামলায় ২১ আসামির মধ্যে ১৫ জনের ফাঁসির রায় এসেছে, যাদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতের রায়ের পর কার্যকর করা হয়েছে।
এর মধ্যে চারটি মামলার ক্ষেত্রে পলাতক আসামিরা আপিলের সুযোগ পাননি।
ইতোমধ্যে আপিল আদালতে নিষ্পত্তি হয়েছে চারটি মামলা। চূড়ান্ত রায়ের পর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আপিল বিভাগ জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। সর্বশেষ ১৬ জুন আপিল বিভাগ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখে।
আপিল শুনানির পর্যায়ে থাকতেই জামায়াতগুরু গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীম মারা যাওয়ায় সর্বোচ্চ আদালতে তাদের আপিল অকার্যকর ও বাতিল হয়ে গেছে। এখন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের ওপর শুনানি চলছে।
