২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়েই স্কুল-কলেজে রোজার ছুটি

রাজনৈতিক অস্থিরতায় ক্লাস-পরীক্ষার ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কমিয়ে দেওয়া হলেও পূর্বনির্ধারিত সময়জুড়েই সব স্কুল-কলেজে রোজার ছুটি থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 05:52 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার এই তথ্য জানিয়েছেন।

অন্যদিকে রোজার ছুটি পাঁচ দিন এগিয়ে এনে গত ১৫ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে।

ঢাকায় একটি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী বলেন, “রমজানের ছুটিতে কোনো পরিবর্তন হবে না, ছুটি যা আছে তাই থাকবে।”

শিক্ষাপঞ্জিতে স্কুল-কলেজে ১৮ জুন থেকে ২১ জুলাই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জুন থেকে ৩০ জুলাই রোজা-ঈদের ছুটি নির্ধারিত রয়েছে।

তবে প্রাথমিকে ২৩ থেকে ২৭ মের গ্রীষ্মের ছুটি থেকে পাঁচ দিন কমিয়ে দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোজার ছুটির সঙ্গে ওই পাঁচ দিনের ছুটি যোগ করে ১৫ জুন থেকে ছুটি শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন।

সাংবাদিকদের ‘কৃতি’ সন্তানদের সংবর্ধনা

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যেসব সদস্যদের সন্তান

প্রাথমিক সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৪.৫০ পেয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

ডিআরইউ মিলনায়তনে প্রাথমিক সমাপনীতে ভাল ফলের জন্য ২৫ জন এবং জেএসসির ফলের জন্য ১৭ জন শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও দুই হাজার টাকার বৃত্তি তুলে দেন শিক্ষামন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, “বেশি মেধাবীদের আমরা এখনও শিক্ষক হিসাবে আকর্ষণ করতে পারি নাই। কারণ শিক্ষকদের আমরা ভাল বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দিতে পারি না।

“তাই কেউ কোনো চাকরি না পেলে শিক্ষকতায় আসেন।”

নতুন প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষায় শিক্ষিত করার আশাবাদ জানিয়ে নাহিদ বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য, তবে এটা করতে সময় লাগবে।”

অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সন্তানদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের ছবি তুলতেও দেখা যায়।

ডিআরইউ’র সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এবং এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করা ঢাকাটাইমস২৪.কমের সম্পাদক আরিফুর রহমান প্রমুখ বক্তব্য দেন।