২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে ৪ দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়েছেন ঢাকায় নিযুক্ত চার দেশের অনাবাসিক দূত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 09:58 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

মঙ্গলবার বিকেলে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত আমির মুহারেমি, ঘানার হাইকমিশনার স্যামুয়েল পানয়িন ইয়েলি, উগান্ডার  হাইকমিশনার এলিজাবেথ পাউলা নাপিয়োক এবং মাল্টার হাইকমিশনার জন জোসেফ একিলিনা পৃথকভাবে আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি অনাবাসিক দূতদের বাংলাদেশে স্বাগত জানান এবং তাদের দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।” 

রাষ্ট্রপতি নতুন দূতদের তাদের দেশের সঙ্গে বাংলাদেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করার আহ্বান জানান।

এছাড়া রাষ্ট্রপতি দূতদের তাদের দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি সফর বিনিময়ের ওপর উদ্যোগী হওয়ারও আহ্বান জানান আবদুল হামিদ।

রাষ্ট্রপতি দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানান এবং তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

নতুন দূতরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করার আশ্বাস দেন।

তারা বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করার বিষয়ে তাদের আগ্রহের কথা আবদুল হামিদকে জানান।

দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদেরকে আলাদাভাবে গার্ড অব অনার দেয়।