২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহড়া থেকে ফিরেছে ‘সমুদ্র জয়’

১২ দিনের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়ে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

কাতারের দোহায় অনুষ্ঠিত ‘ফেরোসাস ফ্যালকন-২০১৫’ নৌ মহড়া শেষে মঙ্গলবার চট্টগ্রামের নৌজেটিতে জাহাজটি নোঙর করে বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, অপহরণ ও চোরাচালান দমন, সমুদ্রে অবৈধ অনুপ্রবেশ রোধ করা বিভিন্ন সামুদ্রিক মহড়ায় কমান্ড প্ল্যাটফরম হিসেবে ‘সমুদ্র জয়’ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

কমোডর এ এ মামুন চৌধুরীর নেতৃত্বে নৌবাহিনীর ১৭ জন কর্মকর্তা, ৩২ প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও ১৮৭ জন নাবিকসহ মোট ২৩৬ জন নৌসদস্য মহড়ায় অংশ নেন।

মহড়ায় সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত ও শ্রীলংকাসহ মোট ২২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।