হরতাল ঘিরে বিজিবির টহল জোরদার চট্টগ্রামে
চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ হওয়ার পর জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নাশকতা রোধে চট্টগ্রামে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
নগরী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার রাত থেকে টহলের পাশাপাশি হরতালের দিন বুধবার বিভিন্ন উপজেলায়ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাহিনীর ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের আগের রাতে নগরীর পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে কোনো ধরনের নাশকতা রোধে সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত ছয় প্লাটুন বিজিবি সদস্য টহলে থাকবে।
এদিকে বুধবার হরতালে সীতাকুণ্ড, মিরসরাইয়ের পাশাপাশি হাটহাজারী ও বাঁশখালী উপজেলাতে পাঁচ প্লাটুন ও নগরীতে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে বলে জানান তিনি।
এছাড়া অন্য উপজেলার জন্য তিন প্লাটুন এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে মোতায়েনের জন্য ‘কুইক রিয়েকশন ফোর্স (কিউআরএফ)’ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মেজর তানভীর।
