বিএমএতে ভারতের সেনাপ্রধান
চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে ‘স্যালুট’ নিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং।
মঙ্গলবার ভাটিয়ারিতে বিএমএ’র ৭২তম দীর্ঘমেয়াদী কোর্স এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
জেনারেল দলবীর সিং ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। পরে সেরা ক্যাডেটদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি।
৭২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সিনিয়র আন্ডার অফিসার আসিফ আহমেদ সেরা চৌকস ক্যাডেট নির্বাচিত হন এবং সোর্ড অফ অনার লাভ করেন। একইসঙ্গে তিনি সেনাপ্রধানের স্বর্ণপদকও লাভ করেন।
কুচকাওয়াজ শেষে ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ নেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের নতুন অফিসার র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ১৩৪ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ১১৪ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৪৩তম স্পেশাল কোর্সে সাতজন পুরুষ ক্যাডেট রয়েছেন।
অনুষ্ঠানে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, বিএমএ’র কমান্ড্যান্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার উপস্থিত ছিলেন।
