তাজরীনে অগ্নিকাণ্ড: ৮ জুলাই অভিযোগ গঠন
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মামলায় তৈরি পোশাক কারখানাটির মালিকের বিরুদ্ধে মামলার বিচার আড়াই বছর পর শুরু হতে যাচ্ছে।
তাজরীনের এমডি দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ ১৩ জনের বিরুদ্ধে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ এনে দেড় বছর আগে অভিযোগপত্র জমা দিয়েছিল পুলিশ।
মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য আগামী ৮ জুলাই দিন ঠিক করেছেন।
দেলোয়ার, মাহমুদাসহ সাত আসামি এদিন আদালতে আত্মসর্মপণ করে জামিন নেন। তারা আগেও এই মামলায় জামিনে ছিলেন বলে তাদের আইনজীবী আবু বকর ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জামিন পাওয়া অন্যরা হলেন- প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন, স্টোর ম্যানেজার হামিদুল ইসলাম লাবলু, সিকিউরিটি সুপারভাইজার আল আমিন (১),স্টোর ইনচার্জ (সুতা) আল আমিন (২) এবং সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান।
তবে জামিনে থাকা আসামি নিরাপত্তারক্ষী রানা ওরফে আনারুল এবং লোডার মো. শামীম আদালতে না আসায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার চার আসামি এখনও পলাতক। তারা হলেন- প্রকৌশলী এস মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান দুলাল ও প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু।
ফাইল ছবি
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত হন। অভিযোগ উঠেছে, আগুন লাগার পর শ্রমিকদের বের হতে না দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।
তাজরীনে অগ্নিকাণ্ডের কয়েক মাসের মধ্যে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু ঘটলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) বাতিল করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার ১৩ মাস পর ২০১৩ সালের ২ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেন সিআইডির পরিদর্শক এ কে এম মহসীন উজ জামান খান আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়।
