২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর আপিল শুনানি শুরু

যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 02:14 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্ব চার সদস্যের আপলি বেঞ্চ মঙ্গলবার প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন।

এটি আপিল আদালতে আসা যুদ্ধাপরাধের পঞ্চম মামলা, যার উপর শুনানি শুরু হল।

আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।

মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে শুরু হয়ে মাঝে আধঘণ্টা বিরতি দিয়ে সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে।

এসএম শাহজাহান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেপারবুক থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়েছে। এর মধ্যে দ্বিতীয় অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী সিরাজুল ইসলামের জবানবন্দির ও জেরা উপস্থাপন শেষ হয়েছে।”

বুধবারও এ মামলার শুনানি চলবে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক জানান।

আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয়।

এছাড়া হত্যা, গণহত্যার পরিকল্পনা সহযোগিতা এবং লুটপাট, অগ্নিসংযোগ ও দেশান্তরে বাধ্য করার মতো তিনটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়। অপহরণ ও নির্যাতনের দুটি ঘটনায় তাকে দেয়া হয় পাঁচ বছর করে কারাদণ্ড।

রায়ে বলা হয়, প্রসিকিউশন তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ এনেছে, তার মধ্যে নয়টি (২ থেকে ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

১, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০ ও ২৩ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি।

আর প্রসিকিউশন শুনানির সময় কোনো সাক্ষী হাজির করতে না পারায় ৯, ১৩, ১৫, ১৬, ২১ ও ২২ নম্বর অভিযোগের মূল্যায়ন করেনি ট্রাইব্যুনাল।

সকল দণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে ২০১৩ সালের ১০ অক্টোবর ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।