সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সেতুতে টোলের পরিমাণ বাড়ানোর প্রতিবাদে এবং পুলিশের হয়রানি বন্ধের দাবিতে সিলেট জেলায় লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
এ ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল ৬টা থেকে সব ধরনের দূরপাল্লার বাস, ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।
তবে অন্যান্য যানবাহন ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানিয়েছেন।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট ডেকেছে।
পরিবহন শ্রমিক নেতা সেলিম বলে, শ্রমিকরা প্রতিনিয়ত ‘পুলিশের হয়রানি ও নির্যাতনের’ শিকার হচ্ছেন। এর প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না।
“এছাড়া কোনো ঘোষণা ছাড়াই সিলেটের এমএ খান সেতুতে ট্রাকের টোল ৩৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদেই লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।”
দাবি আদায়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলেও জানান সেলিম।
ধর্মঘটে জনদুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার।
