২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ঘণ্টা অবরুদ্ধ ইউএসটিসি উপাচার্য

তিন শিক্ষক ও দুই চিকিৎসককে চাকরিচ্যুত করার ঘটনায় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপাচার্যকে সোমবার পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 10:38 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে চাকরিচ্যুত তিন শিক্ষককে পুনর্বহালের পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া।

বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় অবস্থিত ইউএসটিসি ক্যাম্পাসে নিজের কার্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের অগাস্টে জেলা প্রশাসন, বিএমএ ও ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিসহ একটি সমঝোতা স্মারকে ইউএসটিসি কর্তৃপক্ষ নিয়মের বাইরে গিয়ে কাউকে চাকরিচ্যুত করবে না বলেছিল।

“তারা সে কথা রাখেনি। পাঁচজনকে চাকরিচ্যুত করার খবর পেয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।”

মেডিকেল বিভাগের শিক্ষার্থীরা চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় বহাল করার দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে বলে জানান তিনি।

ফয়সাল ইকবাল জানান, পরে শিক্ষার্থীদের দাবির মুখে তিনজনকে চাকরিতে বহাল রাখার সিদ্ধান্ত নেয় ইউএসটিসি কর্তৃপক্ষ। তখন শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে জানার জন্য উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদককে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে বলেন।

তবে রেজিস্ট্রার মো. শামসুজ্জোহাকে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

চাকরিচ্যুত পাঁচজনের মধ্যে পুনর্বহাল হওয়া তিনজন হলেন- মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এহছানুল হক, গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শামসুন নাহার ও মেডিকেল অফিসার হ্যাপি সাহা।

চাকরিচ্যুত বাকি দুজন হলেন- কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. ফয়েজ আহমদ খান ও ফরেনসিক মেডিসিন বিভাগের ডা. মো. আলী বাবু।