২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪

দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ও টাকা ছিনতাই করার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার সকালে হিলি সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদের আটকের পর পুলিশে সোপর্দ করেছে।

এ সময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেল ও একটি হাতকড়া উদ্ধার করা করা হয়।

আটকরা হলেন, রংপুর নগরীর লালবাগ আলমডাঙ্গা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪), বাবুখাঁ এলাকার মৃত ছামসুল হকের ছেলে মামুন হোসেন (৩০), কামাল কাছনা এলাকার মৃত সুশীল কুমারের ছেলে রিপন (৩০) এবং চট্টগ্রামের হালিশহরের নুরুজ্জামানের ছেলে আরিফ হোসেন (২৫)।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আব্দুর রশিদ ও মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তারা মোটরসাইকেলে হিলি থেকে জয়পুরহাটের পাঁচবিবি যাচ্ছিলেন।

পথে দিনাজপুরের হাকিমপুরের ভীমপুর এলাকায় দুটি মরটসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তাদের রাস্তা আটকায়।

ওই ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে রশিদের হাতে হাতকড়া লাগিয়ে টাকা ও মোটরসাইকেলসহ তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় রশিদ ও মিঠুর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে ওই চারজনকে আটক করে পরিচয় জানতে চাইলে তারা আবার নিজেদের ডিবি পুলিশ বলে দাবি করে।

কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হলে লোকজন পিটুনি দিয়ে তাদের হাকিমপুর থানায় দেয়।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, আসামিদের দিনাজপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।