কক্সবাজারে দুই যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মিয়ানমার নাগরিকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার টেকনাফের হাসানেরটেক এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন মিয়ানমারের মংডুর কৈয়ারবিল এলাকার দিল মোহাম্মদের ছেলে নুর হাফেজ ওরফে বার্মাইয়া হাফেজ (২৫) ও টেকনাফের পূর্ব সাতঘরিয়া পাড়ার নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৭)।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ভোরে টেকনাফের হোয়াইক্যং এর হাসানেরটেক এলাকায় অভিযান চালানো হয়।
মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি আতাউর।
নুর হাফেজ ২০ বছর আগে তার মা বাবার সঙ্গে টেকনাফে আসেন। তিনি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও জানান ওসি।
